সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যাতে দুর্নীতি না করেন, এজন্য তাদের সুযোগ-সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। এরপরও কেউ দুর্নীতি করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।’ মন্ত্রী বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুস্থ-অসহায় মানুষের সত্যিকারের কল্যাণসাধন করতে হবে। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করব।’
গতকাল শনিবার সিলেট সার্কিট হাউসে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সিলেট বিভাগের বিভিন্ন কার্যক্রম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার।
বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক আবদুর রকিব, মৌলভীবাজারের জেলা উপপরিচালক আদিল মোত্তাকীন, হবিগঞ্জের উপপরিচালক হাবিবুর রহমান, সুনামগঞ্জের উপপরিচালক সুচিত্রা রায়, সিলেটের উপপরিচালক নিবাস রঞ্জন দাস প্রমুখ।