কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, যাত্রীবাহী বাসটি খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডারির দরবার শরিফে যাচ্ছিল। জগন্নাথ দিঘি এলাকায় বাসটি সামনে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই চার ব্যক্তি নিহত হন। গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেক ব্যক্তি মারা যান।
চৌদ্দগ্রাম থানা পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে যায়।
নিহতদের মধ্যে ১জন নারী, ৩জন পুরুষ ও ১জন হিজরা রয়েছে বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম।
নিহতরা হলেন- হাসি আক্তার (৩১), আসলাম (৪২), সালাম (৩৫), হিজরা (৩০) ও আনোয়ার (২৮)। তাদের পরিচয় পাওয়া যায়নি।