কুমিল্লার চান্দিনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মঙ্গল মিয়া (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ৩টায় উপজেলার তীরচর এলাকায় ওই ঘটনাটি ঘটে।
নিহত মঙ্গল মিয়া চান্দিনা উপজেলার সুহিলপুর গ্রামের বাবর আলীর ছেলে। বর্তমানে চান্দিনার সীমান্তবর্তী এলাকা দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ ইউনিয়নের বিটতলা গ্রামে বাস করেন।
পুলিশ জানায়, মঙ্গল মিয়ার বিরুদ্ধে মাদক আইনে চান্দিনাসহ বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি, ৫শ’ ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, শনিবার রাত ৩টায় মাদক চোরাচালানের উদ্দেশ্যে চান্দিনার তীরচর গ্রামের আলমগীর হোসেন ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি বাগানে সংঘবদ্ধ হয় মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হন মঙ্গল মিয়া। আহত হন পুলিশের দুই সদস্য।
আহতাবস্থায় মঙ্গল মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত দুই পুলিশ সদস্যরা হলেন- চান্দিনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও কনস্টেবল হাসানুজ্জামান। তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।