ঘরে পোশাক শ্রমিকের লাশ, স্বামী পলাতক

আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে এক নারী পোশাক শ্রমিককে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। শনিবার রাতে আশুলিয়ার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার সুলতান ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পোশাক শ্রমিকের নাম শম্পা আক্তারকে (২৮)। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার সদর এলাকায়। তিনি স্বামী বিল্লাল হোসেনের সঙ্গে আশুলিয়ার দূর্গাপুর উত্তরপাড়া এলাকার সুলতান ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাউদার্ন গার্মেন্টস চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই নারী পোশাক শ্রমিক স্থানীয় সাউদার্ন গার্মেন্টস চাকরি করতেন। গত কয়েক দিন ধরে বিল্লাল হোসেন স্ত্রীকে শম্পা আক্তারকে যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে কয়েক লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু পোশাক শ্রমিক স্ত্রী যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় শনিবার রাতে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী। পরে রাতেই বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা ঘটনাটি আশুলিয়া থানায় জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ শনিবার রাত সাড়ে ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে থানায় আসেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মশিউর হোসেন নয়ন ভূঁইয়া জানান, নিহত পোশাক শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের স্বামী পলাতক থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার করে স্বামী পালিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে হত্যাকারীকে আটক করতে অভিযান চালানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।