জরিমানার সঙ্গে ডিমেরিট পয়েন্টও পেলেন মাহমুদউল্লাহ

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি খড়গ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। জরিমানার সঙ্গে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের নামের পাশে যোগ হয়েছে ডিমেরিট পয়েন্টও।

শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। তাতে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই হাত ছাড়া হয় টাইগারদের। প্রথম ওয়ানডেতেও একই ব্যবধানে হেরেছিল টাইগাররা। ক্রাইস্টচার্চে মাত্র ৭ রানে আউট হন মাহমুদউল্লাহ। আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার সময় আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। হতাশায় ব্যাট দিয়ে আঘাত করেন সীমানা বেষ্টনীতে।

আইসিসির আচরণবিধির লেভেল এক ভাঙের দায়ে অভিযুক্ত হন মাহমুদউল্লাহ। শাস্তি হিসেবে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় তাকে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। ২০১৬ সালে নতুন নিয়ম চালু হওয়ার পর এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন মাহমুদউল্লাহ।

এদিকে শাস্তির খড়গ পড়েছে কিউই পেসার ট্রেন্ট বোল্টের উপরও। বোলিংয়ের সময় দুইবার অশ্রাব্য ভাষা ব্যবহার করায় তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনিও।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ও বোল্ট দুজনই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।