হঠাৎ করেই টিভি অনুষ্ঠানে হাজির হয়ে সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে হেসে গড়িয়ে পড়ছেন দর্শকরা।
সত্যি সত্যি এমনটি ঘটেনি। বরং জনপ্রিয় অভিনেতা আলেক বল্ডউইন ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে প্রেসিডেন্টকে অনুকরণ করে দর্শক হাসালেন।
হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সের আদলে সাজানো হয় মঞ্চ। সামনে ছিলেন সংবাদকর্মীরা। মঞ্চ দ্রুত হেঁটে আসেন ট্রাম্প ওরফে বল্ডউইন। এসেই বলেন, “আমি এখানে একটি জরুরি ঘোষণা দিতে এসেছি। গুরুত্বপূর্ণ জাতীয় জরুরি অবস্থা।”
জরুরি অবস্থার বিস্তারিত জানানো আগে তিনি কিছু ব্রেকিং নিউজ শেয়ার করেন। জানান, তার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে বেশ ভালো।
সীমান্ত সম্পর্কে জানান, দক্ষিণ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক আসছে। তাই দেয়াল তোলা দরকার। ভাঙা ভাঙা ইংরেজিতে বলেন, “দেয়াল আমাদের নিরাপদ রাখবে। এটা বোঝার জন্য বুদ্ধিমান হতে হবে না।”
ওই সময় ট্রাম্পের মতো করেই সাংবাদিকের প্রশ্ন শুনতে চান বল্ডউইন। কিন্তু এনবিসির প্রতিনিধির প্রশ্ন শুনতে রাজি হননি। এ কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়েন সবাই।
এদিকে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণা করতে চাওয়ার কথা নিশ্চিত করেছেন। যত দ্রুত সম্ভব এ সংক্রান্ত চূড়ান্ত নথিতে সই করা হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, নীতিনির্ধারকেরা সীমান্তে দেয়াল নির্মাণে অর্থছাড়ে রাজি না হওয়ায় কংগ্রেসকে এড়িয়ে জরুরি অবস্থার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।