সেরে উঠছেন মিথুন, মুশফিককে নিয়ে অপেক্ষা

তৃতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মোহাম্মদ মিথুন সেরে উঠছেন। তবে পুরোনো পাঁজরের ব্যথায় ভোগা মুশফিকুর রহিমের সর্বশেষ অবস্থা জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে। বুধবার ডানেডিনে তৃতীয় ওয়ানডেতে অবশ্য দুজনের খেলার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে প্রথম দুই ওয়ানডেতেই সফল ছিলেন মিথুন। নেপিয়ারে ৬২ রানের পর ক্রাইস্টচার্চে ৫৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। কিন্তু শনিবার নিউ জিল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেওয়ার পথে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিথুন। পরে আর ফিল্ডিংয়ে নামেননি ২৭ বছর বয়সী।

অন্যদিকে পুরোনো পাঁজরের ব্যথা আবারো ভুগিয়েছে মুশফিককে। ব্যথা নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে উইকেটকিপিং করেন মুশফিক। রোববার নিউ জিল্যান্ডের দলের সঙ্গে থাকা বিসিবির পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় আকরাম জানালেন মুশফিক ও মিথুনের সর্বশেষ অবস্থা।

‘‘মুশফিকের তো এটা অনেক পুরোনো ব্যথা। মিথুনের একটু ইনজুরি হয়েছে। মিথুনেরটা রিকভারি করে ফেলবে। মুশফিকেরটা আজকে জানতে পারবো কী অবস্থায় আছে।’’

প্রথম দুই ওয়ানডেতে হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই টাইগারদের।