নওগাঁয় বাসের চাপায় নিহত ৩, বাসে আগুন

নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৩৫), আরোহী শফিকুল ইসলাম (৪০) এবং মোসলেম উদ্দিন (২৫) নিহত হয়েছেন।

সোমবার বিকেলে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরু হাটি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সেলিম হোসেন মান্দা উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে, নিহত শফিকুল ইসলাম উপজেলার বারিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নিহত মোসলেম উদ্দিন রামনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে এবং বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক কার্তিক চন্দ্র রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কুমারপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, নিহতরা মোটরসাইকেল যোগে মান্দার দেলুয়াবাড়ি গরু হাটি মোড় হয়ে মহাসড়কের উঠছিল। এমন সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস (কুমিল্লা ব ১১-০০১৬) তাদের চাপা দেয়।

এতে বাসের চাকার সঙ্গে মোটরসাইকেল আটকে গিয়ে ঘটনাস্থলে সেলিম হোসেন নিহত হন। আর আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তারাও মারা যায়।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিআরটিসির চালক কার্তিক চন্দ্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।