আনোয়ারায় ট্রাকসহ তিনটি এক্সকাভেটর জব্দ

চট্টগ্রামের আনোয়ারায় কৃষিজমি থেকে মাটি কাটার স্থানে অভিযান চালিয়ে তিনটি এক্সকাভেটর (খননযন্ত্র) ও একটি মিনি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার বিলপুর এলাকা থেকে ট্রাকসহ একটি এক্সকাভেটর এবং দুধকুমড়া এলাকা থেকে দুটি এক্সকাভেটর জব্দ করা হয়। তবে বিষয়টি টের পেয়ে জড়িতরা সেখান থেকে দ্রুত সটকে পড়েন। ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে একটি ট্রাকসহ তিনটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।