আমার কথা-সুর ও সংগীতে

নতুন গান আসছে জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সংগীতাঙ্গনে এক যুগ পার করেছেন সম্প্রতি। বইমেলায় প্রকাশ হয়েছে তার নতুন উপন্যাস। নতুন নতুন গান নিয়েও রয়েছে ব্যস্ততা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদী

 

বইমেলায় নতুন উপন্যাস...

এবারের বইমেলায় তাম্রলিপি প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে আমার উপন্যাস ‘জ্যোৎস্নারাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না’। আমি যেহেতু একজন নারী তাই নারীর মানসিক দিকগুলো আমি সহজেই বুঝতে পারি। ফলে নারীদের নিয়ে আমার নির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে। তাই আমি লেখার মাধ্যমে তুলে ধরতে চাই। আমার এবারের উপন্যাসও নারীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। বেশ ভালো সাড়া পাচ্ছি পাঠকদের কাছ থেকে। প্রায় প্রতিদিন বইমেলায় যাওয়া হচ্ছে। পাঠকদের সঙ্গে কাটানো এই সময়টা খুব উপভোগ করছি।

সংগীত ক্যারিয়ারের একযুগ...

২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীত ক্যারিয়ার শুরু করেছিলাম। দেখতে দেখতে একযুগ পার করে ফেললাম। এই সময়ে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি। পুরোটাই প্রাপ্তির খাতায় যোগ হয়েছে। একযুগ পূর্তিতে আমাদের ব্যাচ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করেছে। একইসঙ্গে ‘একসাথে একযুগ’ শিরোনামের একটি অ্যালবামও প্রকাশ হয়েছে। আমাদের ব্যাচের টপ ১০ শিল্পী ১০টি একক গান গেয়েছেন অ্যালবামটিতে। আর একটি রয়েছে সম্মিলিত কণ্ঠে দেশের গান। সবকটি গান লিখেছেন জামাল হোসেন, সুর করেছেন এই ব্যাচেরই প্রথম রানার আপ মুহিন খান। আমার গানটির নাম ‘কাল ছিল মেঘ আকাশ ভরা, নেমেছিল জলের ধারা’। একটু রিদোমিক গান, আমি যে ধরনের গান করি তার চেয়ে কিছুটা আলাদা। শ্রোতারা পছন্দ করেছে।

আগামী মাসে নতুন গান...

আগামী মাসেই আমার ইউটিউব চ্যানেল ‘পুতুল গান’-এ নতুন একটি গান আসছে মিউজিক ভিডিওসহ। এটির নাম ‘সময়ের কাছে মিনতি’। কথা, সুর ও সংগীত সবই আমার করা। আমার করা গানগুলো যারা শুনেছেন তারা জানেন আমি একটু এক্সপেরিমেন্টাল গান করি। এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। গানটির ব্যাপ্তি ১০ মিনিট। গানের আগে ও পরে আমার লেখা দুটি কবিতা থাকবে। সময়ের কাছে আমরা কতটা অসহায়, সময়কে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এ বিষয়গুলো উঠে এসেছে গানে। কথা ও সুর খুবই নরম, কিন্তু সংগীতায়োজন মেটাল ধাঁচের করেছি। আশা করছি সবার ভালোলাগবে।

নজরুলের অ্যালবাম ...

আমি ক্লোজআপ ওয়ানে আসার আগে শুধুই নজরুল সংগীত শিখেছি। কিন্তু অনেকেই মনে করেন- তরুণ প্রজন্মের শিল্পীরা নজরুলের গান গাইতে পারে না। অথচ আমি যখনই কোনো নজরুল সংগীত গাই, দর্শক খুব পছন্দ করেন। তাই ইচ্ছে আছে নজরুলের গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম করার। এই প্রকল্পটি হাতে নিয়েছিলেন ওয়ারফেইজ ব্যান্ডের শান। তার ব্যস্ততার কারণে কাজটি কিছুটা থমকে আছে। তবে আমার ইচ্ছা আছে নিজ উদ্যোগে হলেও দু-একটি নজরুলের গান ভিডিও আকারে প্রকাশ করার।