প্রপার্টি ক্রয় প্রক্রিয়া সহজ করতে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বিপ্রপার্টি ডটকম গ্রাহকদের গৃহঋণ সংক্রান্ত সেবা দেবে। এজন্য প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১০ দশমিক ৫ শতাংশ হারে গৃহঋণ পাওয়া যাবে। প্রসেসিং ফি’তেও গ্রাহকরা পাবেন ছাড়। এক্ষেত্রে মাত্র ১ শতাংশ হারে প্রসেসিং ফি দিতে হবে। এছাড়াও শুধুমাত্র বিপ্রপার্টি ডটকমের মাধ্যমে নারী গ্রাহকরা আরও শূন্য দশমিক ২৫ শতাংশ কম সুদে অর্থাৎ ১০ দশমিক ২৫ শতাংশ হারে ঋণ নিতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের করপোরেট হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপ্রপার্টি ডটকমের সিইও মার্ক নসওয়ার্দি এবং ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং নাজমুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপ্রপার্টি ডটকম’র প্রধান নির্বাহী (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, ‘এই চুক্তি রিয়েল এস্টেট খাতের সর্ববৃহৎ মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকমের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যকার অংশীদারিত্বমূলক সম্পর্ক গঠনের চলমান প্রক্রিয়ার অংশ, যা দেশের রিয়েল এস্টেট খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে। ব্র্যাক ব্যাংকের সমন্বিত আর্থিক সেবাসমূহ প্রপার্টি কেনাবেচা আরও সহজ করবে এবং আপনি আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে পাবেন।’ বিজ্ঞপ্তি।