ভুয়া প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার ১

গাইবান্ধায় চলতি এসএসসি ও সমমানের পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে শাওন মন্ডল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব- গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

গতকাল সোমবার সকালে গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন মন্ডল ওই গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে শাওন মন্ডলের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, শাওন মন্ডল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল।

গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে শাওন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকান্ডের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে শাওন মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।