নটর ডেম শিক্ষার্থী খুন

সবিতা তিন দিনের রিমান্ডে

নটর ডেম কলেজ শিক্ষার্থী ইয়োগেন গোন সালভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার সখিনা বেগম ওরফে সবিতাকে (২৬) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও অন্য কেউ জড়িত আছে কি না তা জানতে আদালতে সবিতার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে সবুজবাগের কদমতলা ৯ নম্বর লেনের ৭৭/এ নম্বর বাসার নিচতলায় খুন হন ইয়োগেন। তিনি চট্টগ্রাম কোতোয়ালির পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত শনিবার রাতে রাজধানীর উত্তর মুগদা এলাকা থেকে সবিতাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।