কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের দুই সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৪ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার দাবি করেছে বলে পুলিশের দাবি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে দুই দল ডাকাতের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ চলছে- এমন সংবাদ পেয়ে পুলিশের টহল টিম সেখানে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে সেখান থেকে ২জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে খোঁজ নিয়ে পুলিশ নিহতদের পরিচয় জানতে পারে। এরা হলেন- উপজেলার গড়ুড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) এবং অপরজন কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মহাবুল (৪০)।

পুলিশ রেকর্ডে তাদের বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে দাবি করেন ওসি। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।