চলচ্চিত্র পত্রিকা ‘ধ্রুপদী’ সম্পাদক ও বিকল্প চলচ্চিত্র আন্দোলনের প্রাণপুরুষ মুহম্মদ খসরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর একটার দিকে বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বেশ কিছুদিন ধরেই মুহম্মদ খসরু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়া, হার্টের সমস্যাসহ অনেকগুলো রোগে ভুগছিলেন তিনি।
মুহম্মদ খসরু চলচ্চিত্র বিষয়ক কালজয়ী পত্রিকা ধ্রুপদীর সম্পাদক হিসেবে চলচ্চিত্র মহলে সবচেয়ে বেশি পরিচিত। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের এই পথিকৃৎ প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে আছেন।
তার উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র সংসদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে ফিল্ম স্টাডি সেন্টার।
কেরালার চিত্রলেখা এবং ওডেসা ফিল্ম কো-অপারেটিভের অনুপ্রেরণায় বাংলাদেশ ফিল্ম সোসাইটির উদ্যোগে যে ফিল্ম কো-অপারেটিভ গঠিত হয়েছিল, যার মাধ্যমে এই দেশে সর্বপ্রথম স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ শুরু হয়, সেখানেও মুহম্মদ খসরুর অবদান অনবদ্য।
বাংলাদেশ চলচ্চিত্র সংসদের আন্দোলনের ফলে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ এবং জাতীয় ফিল্ম আর্কাইভ যার তাত্ত্বিক নেতাও এই মুহম্মদ খসরু। মুহম্মদ খসরু বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছিলেন।
বিকল্প চলচ্চিত্র আন্দোলনের এই পুরোধা ব্যক্তিত্ব কেরানীগঞ্জের রোহিতপুরের মোহনপুর গ্রামে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন।