নাটকেই তুষ্ট ঈশানা

জনপ্রিয় লাক্স তারকা মৌনিতা খান ঈশানা। অভিনয় করেছেন অসংখ্য খ- নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে। এখনো নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরছেন তিনি। এই কাজে তার কোনো ক্লান্তি নেই। ঈশানা বলেন, ‘আমি অভিনয়কে খুব ভালোবাসি। আমার কাজটাকে সম্মানও করি। তাই যতই কষ্ট হোক না কেন, অভিনয়ে কোনো ক্লান্তি আসে না।’ আজ থেকেই নতুন একটি ধারাবাহিক নাটকের শ্যুটিং শুরু করছেন ঈশানা। এসএম রুবেল রানার পরিচালনায় এই ধারাবাহিকটির নাম ‘মুশকিল আসান’। কমেডি নির্ভর এই নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। গত ১৩ তারিখেও মীর সাব্বিরের সঙ্গে একটি খ- নাটকে অভিনয় করেছেন ঈশানা। কামরুজ্জামান পুতুলের নির্দেশনায় এই নাটকের নাম ‘বউ হারানোর সুখ’। এই নাটকটিকে ভারতীয় টিভি সিরিয়ালের কেমন নেতিবাচক প্রভাব পড়তে পারে একটি সুখী দম্পতির মাঝে তা দেখানো হয়েছে। শুধু এই দুটি নাটকই নয়, সাম্প্রতিক সময়ে মীর সাব্বিরের সঙ্গে বেশ কাজ করছেন ঈশানা। তারা কি কোনো পরিকল্পনা করেই একসঙ্গে কাজ করেন? জানতে চাইলে ঈশানা বলেন, ‘আসলে আমার বিপরীতে কে অভিনয় করবেন সেটা আমি নির্ধারণ করার কেউ নই। পরিচালকই সব ঠিক করেন। তবে কেউ যদি আমার কাছে পরামর্শ চান, ওই চরিত্রের জন্য কাকে ভালো মানাবে, তাহলে আমি পরামর্শ দিতেই পারি। ঠিক সাব্বির ভাইও তাই। ফলে তার সঙ্গে বেশি কাজ করাটা আমাদের কোনো পরিকল্পনা নয়। এটা অনেকটা দর্শকের ওপরেও নির্ভর করে। তারা যে জুটির নাটক বেশি দেখেন পরিচালকরাও তাদের নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন। তবে মীর সাব্বির ভাইয়ের ক্ষেত্রে বলব- তিনি খুব ভালো একজন সহশিল্পী। ভালো অভিনেতা, মজার মানুষ। তাই কাজ করতে ভালো লাগে।’

বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে ঈশানা বলেন, ‘বর্তমানে দুটি চ্যানেলে আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এরমধ্যে দীপ্ত টিভিতে ‘খলনায়ক’ আর নাগরিক টিভিতে ‘এক পা দো পা’ প্রচার হচ্ছে। ‘খলনায়ক’-এ আমার বিপরীতে আছেন তানভীর। আর ‘এক পা দো পা’য় আমি অভিনয় করছি অপূর্বর সঙ্গে। দুটি ধারাবাহিকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। শেষ নাটকটির পরিচালক ফেরদৌস রানা। তার অনেক নাটকেই আমি অভিনয় করেছি। ফলে আমাদের ভালো বোঝাপড়া রয়েছে। তিনি ‘অধিনায়ক’ নামে বাংলাদেশ আর্মি নিয়েও একটি ধারাবাহিক নাটক করছেন। সেখানেও আমার অভিনয়ের কথা ছিল। কিন্তু শ্যুটিংয়ের সময়টাতে আমি পারিবারিক ট্যুরে অস্ট্রেলিয়া চলে যাই। সেখানে মাস খানেক ছিলাম। তবে এই কাজটি না করতে পারার আক্ষেপ রয়েছে আমার।’

এদিকে ঈশানা সম্প্রতি শেষ করেছেন নাগরিক টিভির সেলিব্রিটি ড্যান্স রিয়েলিটি শো ‘বাজল ঝুমুর তারার নূপুর’। বাংলাদেশ ও কলকাতা টিমের তারকাদের মধ্যে জয়ী হয়েছে বাংলাদেশ টিম। তাই তিনি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আমরা অনেক কষ্ট করেছি শোটির জন্য। দারুণ অভিজ্ঞতা হয়েছে কলকাতার শিল্পীদের সঙ্গে কাজটি করে। সবচেয়ে ভালো লেগেছে প্রতিযোগিতায় আমরা বাংলাদেশের সম্মান রাখতে পেরেছি বলে।’

ক্যারিয়ারের শুরু থেকেই মানসম্মত অভিনয়, গ্ল্যামার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ঈশানা। কিন্তু শুধু ছোটপর্দাতেই তিনি থেমে আছেন। চলচ্চিত্রে কবে দেখা যাবে জানতে চাইলে এই তারকা বলেন, ‘আসলে লাক্স থেকে বেরুনোর পরপরই আমার কাছে ভালো একটি ছবির প্রস্তাব এসেছিল। এজন্য আমি প্রায় এক বছর কোনো নাটকও করিনি। কিন্তু আমার ভাগ্য খারাপ। প্রথমে আমার সহশিল্পী পরিবর্তন হলো, এরপর চিত্রনাট্যে পরিবর্তন এলো, শেষমেশ পরিচালকও বদলে গেল। তাই আমি আর কাজটি করিনি। পরে অবশ্য সিনেমাটিই আর হয়নি। এজন্য সিনেমা নিয়ে আমি খুবই সচেতন এখন। এ পর্যন্ত নাটকের চেয়ে বেশি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এখন আমি নাটক নিয়েই সন্তুষ্ট আছি।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের দেশে অনেক ভিন্ন গল্পের ভালো ভালো ছবি হচ্ছে। আমি নিজেও বন্ধুবান্ধব নিয়ে হলে গিয়ে ছবি দেখছি। তাই চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ অনেক বেড়ে গেছে।’