রাজধানীর বিভিন্ন সড়কে উল্টাপথে চলায় গত সোমবার ঘণ্টায় গড়ে ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাফিক পুলিশ কর্মকর্তারা বলছেন, এতে ট্রাফিক শৃঙ্খলায় ঘটে বিপত্তি ও নানা দুর্ঘটনা। সড়কে তীব্র জট তৈরিতেও মূলত উল্টাপথে চলা যানবাহনগুলোই দায়ী। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মোসলেহ উদ্দিন আহমদ দেশ রূপান্তরকে বলেন, ‘রাজধানীর সড়কে প্রতিদিন প্রায় ১৪ লাখ যানবাহন চলাচল করে। এর মধ্যে উল্টোপথে চলাচলকারী যানবাহনের সংখ্যা খুবই কম। তাদের ধরার জন্য সব জায়গাতেই ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। মোটরযান আইনের ১৪০-এর ২ ধারা অনুযায়ী, ২০০ টাকা জরিমানা করা হয় উল্টোপথের চালককে।’ তিনি আরও বলেন, ‘অনেক ক্ষেত্রেই যানজট তৈরিতে উল্টোপথে চলাচলকারী এসব গাড়ি দায়ী। যদিও আগের তুলনায় এই হার অনেক কমে গেছে।’ মহানগর পুলিশের জনসংযোগ শাখার তথ্য মতে, রাজধানীর বিভিন্ন সড়কে সোমবার চালানো অভিযানে উল্টোপথে চলায় এক হাজার ২১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। গড়ে ঘণ্টায় প্রায় ৫০টি মামলা হলেও প্রকৃতপক্ষে এর দ্বিগুণ সংখ্যক যান উল্টোপথে চলাচল করে থাকে। এ সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনে ছয় হাজার ১৫১টি মামলার পাশাপাশি তিন লাখ ৫৭ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছে ট্রাফিক বিভাগ। এর মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ১৭৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহারের জন্য ছয়টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর দায়ে ১৪টি মামলাও রয়েছে। অভিযানেকালে ২৮টি গাড়ি ডাম্পিং ও ৮৫৯টি গাড়ি রেকার করা হয়। এছাড়া ট্রাফিক আইন অমান্যের কারণে দুই হাজার ৫১৪টির বিরুদ্ধে মামলা ও ১৫২টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ১১ চালকের বিরুদ্ধেও মামলা হয়েছে। মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, ‘বেশির ভাগ চালকই সচেতনভাবে ট্রাফিক আইন অমান্য করে চলেন।’