সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার সন্ধ্যায় একদিনের সফরে তিনি ভারতে পৌঁছান। নয়াদিল্লি বিমানবন্দরে তাকে উষ্ণ আলিঙ্গন অভ্যর্থনা জানান মোদি।
এনডিটিভি জানায়, মোদির সঙ্গে একান্ত বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলা ও বাণিজ্য সম্পর্কিত বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে।
এদিকে কাশ্মীরে ভয়াবহ বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনায় ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে, তখন সৌদি যুবরাজ পাকিস্তান সফর করেন।
সৌদি যুবরাজ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের প্রশংসা করেন। এছাড়া পাকিস্তানে দুই হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
এছাড়া ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা কমানোর ব্যাপারেও ইসলামাবাদে একটি সম্মেলনে সম্মত হন যুবরাজ।
তবে পাকিস্তানের সঙ্গে আলোচনার সকল ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ভারত। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না পাকিস্তানের সঙ্গে। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না বলে জানায় নয়াদিল্লি।
সৌদি আরবের আটটি প্রধান মিত্র দেশের মধ্যে ভারতকে অন্যতম মনে করা হয়। দু’পক্ষই নিজেদের মধ্যে থাকা সম্পর্ককে আরও মজবুত করতে চায় বলে জানিয়েছে কূটনীতিকরা। দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে দ্বিপাক্ষিক সমঝোতা হতে পারে যুবরাজের এ সফরে।