তিন ম্যাচেই এক অঙ্কে বন্দি তামিম-লিটন!

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের টপ-অর্ডার। একটি ম্যাচেও আশা জাগানিয়ে ইনিংস খেলতে পারেননি দলের শীর্ষ চার ব্যাটসম্যানের কেউই। একটি ম্যাচেও ব্যক্তিগত রান সংখ্যা দুই অঙ্কে নিতে পারেননি তামিম ইকবাল ও লিটন দাস! ম্যাচ তিনটিতে তাদের মোট রান মাত্র ১৩!

প্রথম দুই ম্যাচে ৮ উইকেটে হারের পর বুধবার ডানেডিনে তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের কাছে ৮৮ রানে হার মানে বাংলাদেশ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে হোয়াইটওয়াশ হওয়া মাশরাফী বিন মোর্ত্তজার দলের জন্য উদ্বেগজনক ঘটনা।

বড় উদ্বেগ টপ-অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে। ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও তিন ম্যাচের একটিতেও ভালো কিছু করে দেখাতে পারেনি তারা। নজরকাড়া কোনো ইনিংস খেলতে পারেননি তামিম, লিটন, সৌম্য সরকার ও মুশফিকুর রহিদের কেউই।

নেপিয়ারে ৮ উইকেটে হারা প্রথম ম্যাচটিতে বাংলাদেশ দলের শীর্ষ চার ব্যাটসম্যান করে মাত্র ৪১ রান! এর মধ্যে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি দুই ওপেনার তামিম, লিটন ও চার নম্বরে ব্যাট করতে নামা মুশফিক।

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতেও অনুজ্জ্বল ছিল বাংলাদেশ দলের টপ-অর্ডার। চার জন মিলে করেন মাত্র ৫২ রান। এবারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তামিম-লিটন।

টপ-অর্ডারের ব্যর্থতার যাত্রা অব্যাহত থাকে ডানেডিনের তৃতীয় ওয়ানডেতেও। এবার চার ব্যাটসম্যান করেন মাত্র ১৮ রান। আগের দুই ম্যাচের মতোই এক অঙ্কের ঘরে আউট তামিম-লিটন!