চ্যাম্পিয়ন্স লিগে গত পাঁচের একটিতেও গোলের দেখা পাননি বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লুইস সুয়ারেস। তাতে চিন্তার কিছু দেখছেন না কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওঁর সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে গোলের অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লা লিগা চ্যাম্পিয়নরা।
গোলের অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন সুয়ারেস। চলতি চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে পাঁচ ম্যাচে গোলশূন্য রইলেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগে তেমন সফল নন সুয়ারেস। ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে গত ১৭ ম্যাচে একটি মাত্র গোল গোল করেছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। ২০১৫ সালে ক্লাবটিতে নাম লেখানোর পর প্রতিযোগিতাটির কোনো অ্যাওয়ে ম্যাচে একবারও জালের দেখা পাননি তিনি।
এছাড়া মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টাতে এসে হঠাৎ করেই ছন্দহারা সুয়ারেস। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচের একটিতেও গোলের দেখা পাননি। গত দশ ম্যাচে করেছেন মাত্র দুই গোল। তবে সুয়ারেসের এমন গোল খরা নিয়ে মোটেও চিন্তিত নন ভালভেরদে।
“এটা আমাকে হতাশ করছে না। একজন সেন্টার-ফরোয়ার্ডের কাছে যা চাওয়া থাকে গোলের সেসব সুযোগ যদি সে না পেত তাহলে এটা আমাকে চিন্তিত করত।”
“এমনকি সে গোলের সুযোগ না পেলে সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে। প্রতিপক্ষরা তার ব্যাপারে ভীত থাকে।...সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে গোলের সুযোগ তৈরি করতে পাচ্ছে।”