বাড়ির সবাইকে অজ্ঞান করে শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই আটক

টাঙ্গাইলের সখীপুরে মিষ্টি ও জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান অবস্থায় বোন জামাই তার বন্ধুকে নিয়ে পালাক্রমে শ্যালিকা (১৩) কে ধর্ষণ করার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা-পুলিশ।

উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ধর্ষিতার বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে পুলিশ ওই দিনই ধর্ষণের অভিযোগে বোন জামাই আমিনুর রহমানকে গ্রেপ্তার করে।

মামলা বরাত দিয়ে সখীপুর থানার ওসি তদন্ত লুৎফুন কবির জানান, গত শনিবার রাত ৮টার পরে পূর্বপরিকল্পিতভাবে উপজেলার বগাপ্রতিমা গ্রামের মো. আমিনুর রহমান তার বন্ধুকে নিয়ে শ্বশুর বাড়ি একই উপজেলার প্রতিমাবংকী পশ্চিমপাড়া গ্রামে যান। ঘুমের ওষুধ মিশ্রিত মিষ্টি ও জুস খাইয়ে বাড়ির সবাই অচেতন হয়ে পড়ে।

 

বোন জামাই আমিনুর ও তার বন্ধু সোহেল মিলে স্কুল পড়ুয়া শ্যালিকাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরদিন রবিবার দুপুরের পর তাদের জ্ঞান ফিরে আসে। বাড়ির সবাই সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে  সোমবার তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন।

এ ঘটনায় ধর্ষিতার বাবা  জামাতা আমিনুর রহমান ও তার বন্ধু সোহেলকে আসামি করে সখীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা করার পর বুধবার মামলার প্রধান আসামি ধর্ষক আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।  

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার  বিকেলে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামিকে থানা-পুলিশের হেফাজতে রেখে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।