ঝগড়ায় শান্ত থাকার উপায়

ঝগড়া কার না হয়। জীবনে চলার পথে ঝগড়া হতেই পারে। তবে সেটাকে বেশি বাড়তে দেওয়া উচিত নয়। যেকোনো একজনকে পরিস্থিতি সামাল দিতে হয়। নিজেকে শান্ত রেখে রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে কমিয়ে আনা যায় ঝগড়ার মাত্রা। তবে এর জন্য রয়েছে বেশ কিছু উপায়।

হারতে শিখুন

আমরা অনেক সময় নিজেকে জয়ী করার আপ্রাণ চেষ্টা করে থাকি। ঝগড়ার ক্ষেত্রে তা তো আরও বেশি। অন্যকে নিচে দেখানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই। এতে কিন্তু ঝগড়া আরও মারাত্মক রূপ নেয়। তাই ঝগড়া থামাতে চাইলে যেকোনো একজনকে হেরে যাওয়া শিখতে হবে।

চুপ থাকা জরুরি

কথার পিঠে কথা বললে ঝগড়া আরও বাড়তেই থাকে। তাই ঝগড়া কমাতে চাইলে পাল্টা জবাব না দিয়ে চুপ করে থাকাটাই শ্রেয়। এতে একসময় সঙ্গী আগ্রহ হারিয়ে ফেলবে।

দেহভঙ্গি সংযত থাকুক

ঝগড়ার সময় নিজের অজান্তেই দেহভঙ্গি হয়ে যায় মারমুখী। এই দেহভঙ্গি দেখলে সঙ্গীর রাগ কিন্তু আরও বেড়ে যেতে পারে। তাই দেহভঙ্গি সংযত থাকা জরুরি।

চিৎকার নয়

চিৎকার-চেঁচামেচি শুধু ঝগড়ার মাত্রা বাড়ায়। আগুনে ঘি পড়লে যেমন হয়, চিৎকার-চেঁচামেচিতে ঠিক তেমনটাই ঘটে। এটা ঝগড়াকে আরও উসকে দেয়। তাই শান্ত থাকা জরুরি। এতে ঝগড়ায় পানি ঢালা হয়ে যাবে।

বোঝার চেষ্টা করুন

রাগের মাথায় অনেকে অনেক কথা বলে থাকেন। সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে তিনি কী বোঝানোর চেষ্টা করছেন সেটার দিকে মনোযোগ দিন। যদি বুঝতে পারেন তিনি কী বোঝাতে চাইছেন, তাহলে ঝগড়া করার আর দরকারই কী?

প্রিয় বিষয় মনে করুন

শুধু কি ঝগড়াই হয়? কোনো আনন্দঘন বা রোমান্টিক মুহূর্ত কি নেই আপনাদের? ঝগড়ার সময় সেই মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন। ভালোবাসার সময়গুলোর কথা ভাবুন। দেখুন কেমন ম্যাজিকের মতো কাজ হয়।