ব্যাংক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করা হবে। ব্যবসায়ীদের প্রয়োজনে ব্যাংক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের দেওয়া প্রস্তাবে ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। গতকাল এফবিসিসিআই নেতাদের সঙ্গে এক আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয়।
গতকাল বাংলাদেশ ব্যাংক ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় এফবিসিসিআই নেতারা দেশের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাবাহিকতায় ও সরকারের ভিশন পূরণে প্রয়োজনীয় বিনিয়োগ নিয়ে আলোচনা করেন। এ সময় ব্যাংকগুলোর সুদের হার একক অঙ্কে নামিয়ে আনার দাবি জানান তারা। সভায় খেলাপি ঋণ পরিস্থিতি থেকে উত্তরণ প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঋণের কোনো একটি কিস্তি প্রদানে অপারগ হলে ঋণ শ্রেণিকরণ হয়ে যাওয়ার বিষয়টি যৌক্তিকীকরণ করারও দাবি জানান ব্যবসায়ীরা। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন তার বক্তব্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। গভর্নর ফজলে কবির এফবিসিসিআই নেতাদের বক্তব্য শোনেন এবং জানান যে, উল্লিখিত বিষয়গুলোতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী সম্প্রদায়ের প্রয়োজনে ব্যাংক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে সময়ে সময়ে আলোচনার জন্য এফবিসিসিআই সভাপতির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়ে সম্মত হন গভর্নর।
সভায় নারী উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সহায়তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ সহায়তা প্রদান, প্রকৃত বিনিয়োগকারীদের জন্য ডেট-ইক্যুইটি অনুপাত কমানো, ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন লুকায়িত চার্জ যৌক্তিকীকরণ, অফশোর ব্যাংকিং কার্যক্রম সহজীকরণ এবং সার্বিক ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান ও জনাব আহমেদ জামালসহ অন্যান্য মহাব্যবস্থাপক আলোচনায় অংশ নেন। সভায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এ. এম. কাজেমি, এস. কে. সুর উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ আলোচনায় অংশ নেন। এফবিসিসিআই পরিচালক এ. কে. এম. সাহিদ রেজা ও অন্যান্য খাতের কয়েকজন ব্যবসায়ী নেতারাও বক্তব্য রাখেন।