শপথ নিলেন ৪৯ নারী এমপি

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৪৯ সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন। গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে দুই ধাপে তাদের শপথবাক্য পাঠ করান।

প্রথম ধাপে আওয়ামী লীগের ৪৩, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ এবং স্বতন্ত্র ১ জনসহ ৪৫ এমপিকে শপথ পাঠ করানো হয়। দ্বিতীয় ধাপে শপথ নেন জাতীয় পার্টির চারজন এমপি। শপথগ্রহণ শেষে এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

শপথ অনুষ্ঠানে সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মো. আতিউর রহমান আতিক, পঞ্চানন বিশ্বাস, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। সংসদের ভারপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া অনুষ্ঠান পরিচালনা করেন।