এবি ব্যাংকের টাকা আত্মসাৎ

ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন

এবি ব্যাংকের ১৩৩ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজন ব্যবসায়ী ও দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।  দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক দেশ রূপান্তরকে বলেন, ‘এবি ব্যাংক চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোড শাখা থেকে বৈদেশিক এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে খাদ্যসামগ্রী আমদানি ও লোকাল এলসির মাধ্যমে খাদ্যসামগ্রী ক্রয় করা হয়। ওইসব পণ্য বিক্রি করে ঋণ মঞ্জুরিপত্রের শর্ত অনুযায়ী বিক্রীত অর্থ ব্যাংকে জমা দেওয়া হয়নি। এতে সুদসহ ব্যাংকের ১৩৩ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা আত্মসাৎ করা হয়েছে।’

যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে, তারা হলেন চট্টগ্রামের এনায়েত বাজারের ব্যবসায়ী ইয়াসির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাহের হোসেন, এবি ব্যাংকের এনায়েত বাজার শাখার ম্যানেজার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) নাজির উদ্দিন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) ও প্রধান কার্যালয়ের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটর আজাদ হোসেন।