চকবাজারের আগুনে মরলেন সংবাদকর্মীর ভাই

রাজধানীর চকবাজারে বুধবার রাতের ভয়াল অগ্নিকান্ডে নিহত হয়েছেন এক সংবাদকর্মীর ভাই। তার নাম ইয়াসিন খান রনি (৩৩)। 
ভয়াবহ আগুন লাগার সে রাতে তিনি নন্দ কুমার লেনের একটি প্লাস্টিকের গুদামে আটকা পড়েন বলে জানা গেছে। 
ঢাকা ট্রিবিউনের গ্রাফিকস বিভাগে কর্মরত তার ভাই মোহাম্মদ রাজন এসব তথ্য জানান।  
বুধবার রাত পৌনে ১১টার দিকে চুড়িহাট্টা জামে মসজিদ সংলগ্ন আসগর লেন, নবকুমার দত্ত রোড ও হায়দার বক্স লেনের মিলনস্থলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে এখন পর্যন্ত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। 
ফায়ার সার্ভিসের ৩৯ ইউনিট বৃহস্পতিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখনো সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে নিয়োজিত রেখেছে। 
পরবর্তী কোনো দুর্ঘটনা মোকাবিলায় তারা তৎপর থাকবে বলে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন জানান।