ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ মিয়ানমারের ১১ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বের বঙ্গোপসাগর থেকে মাছ ধরার একটি নৌকায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের চট্টগ্রাম পূর্ব জোনের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল শুভাশীষ দাশ জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার চালান বাংলাদেশে ঢুকছে এ খবরে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার নবী, কবির আহমেদ, আমানুল্লাহ, তারেক উল্লাহ, কামাল উদ্দিন, ছাবের, রিয়াজ, শাকের, ফয়সাল, রহমত উল্লাহ ও রিয়াজকে আটক করা হয়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা হয়েছে।