র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আলম (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় দুটি বিদেশি পিস্তল, দুটিটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

নুরুল আলম টেকনাফের নয়াপাড়া আনসার ক্যাম্প লুট ও আনসার কমান্ডার হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার ভোর ৫টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, রাতে র‌্যাবের একটি টহলদল টেকনাফ দমদমিয়া এলাকায় কিছু লোককে চ্যালেঞ্জ করলে তারা অতর্কিতভাবে র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে।

এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। র‌্যাবের সঙ্গে ২৫-৩০ মিনিট ধরে চলা গোলাগুলিতে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

মেহেদী হাসান বলেন, পরে ‘রোহিঙ্গা ডাকাত’ নুরুল আলমকে শনাক্ত করেন র‌্যাব। টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত আনসার ক্যাম্প লুট করে অস্ত্র ছিনিয়ে নিয়ে আনসার কমান্ডার আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি নুরুল আলম দীর্ঘদিন পলাতক ছিলেন।

ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত নুরুল আলমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য টেকনাফ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১২ মে রাতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের দায়িত্বে নিয়োজিত আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যার পর ৬০০ রাউন্ড গুলি ও ১৩টি অস্ত্র লুট করা হয়।

পরে মিয়ানমার সীমান্তের ঘুংধুম এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে লুট হওয়া ৫টিসহ ১৩টি অস্ত্র ও ৯৫ রাউন্ড গুলি উদ্ধার এবং তিন রোহিঙ্গাকে র‌্যাব গ্রেপ্তার করেছিল।