বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের নিউ জিল্যান্ড দলে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। তার জায়গায় দলে ডাক পেয়েছেন চোট কাটিয়ে ওঠা লেগ স্পিনার কাম ব্যাটসম্যান টড অ্যাস্টল।
৩২ বছর বয়সী অ্যাস্টল এখন পর্যন্ত টেস্ট খেলেছেন মাত্র তিনটি। গত বছরটায় চোটের সঙ্গে লড়াই করে কাটান ক্যান্টারবারির এই স্পিনার। হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে।
চোট কাটিয়ে ফেরা অ্যাস্টনকে নিয়ে খুব খুশি নিউ জিল্যান্ড দলের নির্বাচক গ্যাভিন ল্যারসেন, “নিউ জিল্যান্ডের কন্ডিশনে আমরা তার রিস্ট-স্পিন দেখার জন্য মুখিয়ে আছি। তার উপস্থিতি ব্যাটিং লাইন-আপও সমৃদ্ধ করবে।”
গত বছরের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের তিন ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল কিউই স্পিনার এজাজের। আবু ধাবিতে অভিষেকে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের চার রানের রোমাঞ্চকর গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।
এরপর তেমন জ্বলে উঠতে পারলেন না এজাজ। গত ছয় ইনিংসে ছয় উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার এবার জায়গা হারালেন।
দলের বাকিদের মধ্যে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে দলটাকেই ধরে রাখছে নিউ জিল্যান্ড। হাঁটুর চোটের কারণে এবারই দলের বাইরে পেসার মিচেল সান্টনার। তার জায়গায় এবারও দলে থাকছেন উইল ইয়ং।
২৮ ফেব্রুয়ারি হেমিল্টনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি নিউ জিল্যান্ড। পরের দুই টেস্ট হবে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে।
নিউ জিল্যান্ডের ১৩ সদস্যের টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং