ফরিদপুরের নগরকান্দায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম হারুন অর রশিদ ওরফে হারু চৌধুরী (৬৫)। তিনি ওই গ্রামের মৃত দানেশ চৌধুরীর ছেলে।
জানা যায়, হারু চৌধুরীর ছোট ছেলে মিলন চৌধুরী (২৭) কোদালের আছাড়ি দিয়ে বাবার ডান চোয়ালসহ কানে আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর ছেলে মিলন পালিয়ে গেছে। মিলন বিবাহিত এবং এক মেয়ের বাবা।
এলাকাবাসী জানান, হারু চৌধুরীর দুই ছেলের মধ্যে মিলন ছোট। তার বড় ছেলে লিটন চৌধুরীর সঙ্গে বাবার বনিবনা না হওয়ায় তিনি ঢাকার দোহার উপজেলার জয়পাড়া গ্রামে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। বাবা হারু চৌধুরী ও মা হালিমুন বেগম রামনগরে ছোট ছেলের সঙ্গেই থাকতেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য সুকুমার কুমার দাস বলেন, জমি লিখে দেওয়া নিয়ে হারু চৌধুরীর সঙ্গে তার ছোট ছেলে মিলনের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে মিলন বাবাকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিলে বাবা তা দিতে অস্বীকার করেন। তখন মিলন ক্ষিপ্ত হয়ে কোদালের আছাড়ি দিয়ে বাবাকে পেটাতে থাকেন। কোদালের আছাড়ির একটি আঘাত বাবার ডান চোয়ালে কান বরাবর লাগলে হারু চৌধুরী মাটিতে পড়ে যান। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রামনগর ইউনিয়নের কুঞ্জনগর বাজারের এক পল্লি চিকিৎসক হারুন অর তাকে মৃত বলে ঘোষণা করেন।
নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন বলেন, বেলা ১০টার দিকে হারু চৌধুরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমুন বেগম বাদী হয়ে ছেলে মিলনকে আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।