ভারতে দেড় বছর কারাভোগের পর ২৭ বাংলাদেশি নারী ও শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ।
শুক্রবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করে ভারতীয় পুলিশের কাছ থেকে। ফেরত আসা শিশু ও নারীদের বাড়ি বরিশাল, নড়াইল ও বাগের হাট জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে গত ২ বছর আগে ভালো চাকরির আশায় ভারতে গিয়ে কলকাতা পুলিশের হাতে আটক হয় তারা।
ভারতীয় পুলিশ তাদের কলকাতা শহর থেকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দেড় বছরের জেল দেন। জেলে সাজার মেয়াদ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত আনা হয়।
পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেনাপোল থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও তাদের গ্রহণ করে।