সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেছেন, দায়িত্বজ্ঞানহীন অপদার্থ মন্ত্রীদের কারণেই আমাদের দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
রফিউর রাব্বী বলেন, চকবাজারের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের শিল্পমন্ত্রী বলেছেন এখানে কোনো রাসায়নিক দ্রব্যের কারখানা নেই। এখানে প্রসাধনী ও কসমেটিকসের কারখানা রয়েছে। কিন্তু এটা সকলেই জানা রয়েছে প্রসাধনী ও কসমেটিকসে রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয়। আমাদের শিল্পমন্ত্রী এটা জানেন না। এই ন্যূনতম ধারণা যাদের নেই তাকে আমাদের মন্ত্রী বানানো হয়েছে। এ সকল দায়িত্বজ্ঞানহীন অপদার্থ মন্ত্রীদের কারণেই আমাদের এ রকম দুরবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
রফিউর রাব্বী বলেন, চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের সেতুমন্ত্রী গিয়ে বললেন আমরা শিক্ষা নিলাম। কিন্তু কি শিক্ষা নিলেন। নিমতলির ঘটনায় যিনি শিক্ষা নিতে পারেনি তিনি এখান থেকে কি শিক্ষা নিলেন। বিগত ৯ বছরে কিছুই বাস্তবায়ন হলো না। কেন বাস্তবায়ন হয়নি সেটার জবাব দিতে হবে। কার সুবিধার জন্য এখান থেকে রাসায়নিক কারখানা সরানো হয়নি সেটা খুঁজে বের করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে।
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী সংকর রায়, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর নারী সংহতির সম্পাদক পপি রানী সরকার ও জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক ইলিয়াস জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।