ইতিহাস গড়তে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা

বোলাররা দুই ইনিংসেই আগুন ঝরালেন। ব্যাটসম্যানরা কিছুটা নড়বড়ে। দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা দুই দলের অবস্থাই এমন। পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন প্রথম ইনিংস শেষ করার পর দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে আবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে! এখন তাদের সামনে সুযোগ প্রথম এশিয়ান দল হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতার।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা শেষের লড়াইটা কত দূর টেনে নিতে পারেন, সেটাই এখন দেখার।

শুক্রবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১২৮ রানে। প্রথম ইনিংসে তারা করেছিল ২২২ রান। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করতে পারে ১৫৪। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে অতিথিদের সংগ্রহ ৬০। তিন দিনে জয়ের জন্য করতে হবে আরও ১৩৭।

শ্রীলঙ্কা এদিন ৩ উইকেটে ৬০ রান নিয়ে দিন শুরু করে। শুরুতেই বিদায় নেন দুই অপরাজিত ব্যাটসম্যান থিরিমান্নে (২৯) ও কাসুন রাজিথা (১)। শেষ দিকে ৩৬ বলে ৪২ রানের ইনিংস খেলে দলকে ১৫৪ পর্যন্ত নিয়ে যান নিরোশন ডিকভেলা।  

৩৮ রানে ৪ উইকেট নেন কাগিসো রাবাদা। ডুয়ানে অলিভিয়ের ৩ উইকেট নেন ৬১ রানে।

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ফাফ দু প্লেসি ৫০ রানে অপরাজিত থাকেন। আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান হাশিম আমলার, ৩২। ওপেনার এইডেন মারক্রাম করেন ১৮। অন্য ব্যাটসম্যানদের কেউ দশের ঘরে পা রাখতে পারেননি।

সুরঙ্গা লাকমল এদিন ইনসুইঙ্গারে বেশ সফল ছিলেন। ৩৯ রানে নেন ৪ উইকেট। ধনাঞ্জয়া ডি সিলভা ৩৬ রানে নেন ৩ উইকেট।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ইতিমধ্যে লাহিরু থিরিমান্নে ও দিমুথ করুনারত্নেকে হারিয়েছে। ওশাদা ফার্নান্দো ১৭ ও কুসল মেন্ডিস ১০ রানে ব্যাট করছেন।