অস্কারের সঞ্চালক হুপি

১৯৯৪, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০২ সালে অস্কার আয়োজন সঞ্চালনা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হুপি গোল্ডবার্গ। এবারের আসরও সঞ্চালনা করতে যাচ্ছেন হুপি। এবার অস্কার সঞ্চালক নিয়ে গত বছর থেকে শুরু হয়েছে জটিলতা। শুরুতে অভিনেতা কেভিন হার্টের নাম ৯১তম অস্কার আয়োজনের সঞ্চালক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু কেভিনের বিরুদ্ধে সমকামিতা নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করায় দর্শক রোষের শিকার হন তিনি। পরে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্র্তৃপক্ষের নির্দেশে অস্কার সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই অভিনেতা। সিদ্ধান্ত হয়, সঞ্চালক ছাড়াই বসবে এবারের আসর। আসর জমাবেন ‘প্রেজেন্টার’ হিসেবে যে তারকারা বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার তুলে দেবেন তারাই। সেই তালিকায় দেখা যায় গোল্ডবার্গের নামও। এদিকে হুপি গোল্ডবার্গ কয়েক দিন ধরে তার নিয়মিত টিভি শো ‘দ্য ভিউ’তে অনুপস্থিত। একদল উৎসাহী সিনেমাপ্রেমী ধারণা করছেন, হুপি বুঝি অস্কার সঞ্চালক হওয়ার জন্য ছুটি নিয়েছেন নিজের নিয়মিত কাজ থেকে। দর্শকদের চমকে দিতেই রহস্যের জন্ম দিচ্ছেন হুপি। যদিও হুপির নিয়মিত টিভি শো দ্য ভিউয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্কার সঞ্চালনার জন্য নয়, অসুস্থতার কারণে টিভি অনুষ্ঠানের শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন না অস্কারজয়ী এই শিল্পী। কিন্তু নিয়মিত অনুষ্ঠান থেকে শুধু সর্দি-কাশির জন্য অনুপস্থিত থাকবেন, এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা। বেশির ভাগেরই ধারণা, ২৪ ফেব্রুয়ারি অস্কারের চূড়ান্ত রাতে মূল মঞ্চে হুপি সবাই চমকে দিতে পারেন।