ওয়ানডে সিরিজ জুড়ে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে শনিবার প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের ব্যাটিং হলো আশা জাগানিয়া। যা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে টাইগার শিবিরে।
লিংকনে দুই দিনের প্রস্তুতি ম্যাচটির প্রথম দিনে বাংলাদেশ ৪১১ রানের স্কোর গড়ে। যেখানে অর্ধশতকের দেখা পেয়েছেন চার ব্যাটসম্যান। চল্লিশোর্ধ্ব রান আরো দুজনের। সর্বাধিক ৬৭ রান করা তরুণ ওপেনার সাদমান ইসলাম বলছেন, টেস্ট সিরিজেও এদিনের মতো প্যাশন নিয়ে ব্যাট করতে।
নিউজিল্যান্ড সফর বরাবরই বাংলাদেশের জন্য ছিল হতাশার অন্য নাম। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টাইগাররা সেই ধারা বজায় রাখে। তিন ম্যাচের টেস্ট সিরিজেও যে বড় পরীক্ষা অপেক্ষা করছে সেটি না বললেও চলছে।
গেল নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাদমানের। এখন পর্যন্ত একটি মাত্র টেস্টই খেলেছেন। তবে এদিন প্রস্তুতি ম্যাচে করেছেন সাবলীল ব্যাটিং। ১১৩ বলে ৯ চারে ৬৭ রানের ইনিংস আত্মবিশ্বাস জোগাচ্ছে এই বাঁহাতিকে, ‘‘আজকে ব্যাটিংয়ে খুব ভালো আত্মবিশ্বাস এসেছে যে কীভাবে খেলতে হবে এখানে। উইকেট কেমন হবে ধারণা হয়েছে। আজকে দলের সবাই খুব ভালো ব্যাটিং করেছে। ওদের পেস বোলার যাদের খেলেছি, সবাই ভালো বোলিং করে। গতিময় বোলারদের খেলেই আমরা রান করেছি।’’
এদিন সাদমান ছাড়াও তামিম ইকবাল খেলেছেন ৪৫ রানের ইনিংস। লিটন দাস ৬২, সৌম্য সরকার ৪১, মাহমুদউল্লাহ ৫৯ ও মেহেদী হাসান মিরাজ ৫১ রান করেন। এই চার ব্যাটারের কাউকে আউট করতে পারেনি স্বাগতিক দলের বোলাররা। পরবর্তী ব্যাটারদের সুযোগ করে দিতে তারা রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।
দারুণ এই ব্যাটিংয়ের পেছনে প্যাশনকেই বড় করে দেখছেন সাদমান। যা টেস্টে সিরিজেও টেনে নেওয়ার তাগিদ তার, ‘‘আজকে যেভাবে ব্যাটিং করেছে পুরো দল, মূল ম্যাচেও এভাবে করতে পারলে বড় একটি স্কোর গড়তে পারব। আজকে প্যাশন নিয়ে ব্যাট করেছে সবাই, আশা করি টেস্টেও এভাবে খেলতে পারব সবাই।’’