চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী দলের সভাপতিম-লীর সাবেক সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে সম্প্রতি ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে পৃথকভাবে বিক্ষোভ-সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে এ কর্মসূচি পালন করে দুই সাংগঠনিক উপজেলার নেতাকর্মীরা। বিকেল ৫টায় আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী বাজার চত্বরে এসে মিছিলটি সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমএ মালেকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হরিপদ চক্রবর্তী, জাফর উদ্দিন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী বাবুল প্রমুখ। একই সময়ে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বরে বিক্ষোভ-সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম বকুল প্রমুখ।