মহম্মদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

মাগুরার মহম্মদপুর উপজেলার খলিশাখালী গ্রামে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ৬০টি বাড়ি। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খলিশাখালী এলাকার আওয়ামী লীগ নেতা দাউদ বিশ্বাসের সমর্থকদের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা স্বপন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গতকাল শনিবার সকালে দাউদ-সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।