কুলিয়ারচরে ভুয়া প্রশ্ন ফাঁসকারী আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাধবদী থেকে রুহুল আমিন রাকু (১৭) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাব। রাকু কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে প্রশ্নপত্র সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পে গতকাল শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাকুকে তার নিজ বাড়ি থেকে গত শুক্রবার রাত সোয়া ১১টার দিকে আটক করা হয়। রাকুকে আটকের সময় তার কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ডায়েরি উদ্ধার করে র‌্যাব। ডায়েরিতে বেশ কিছু ভুয়া ফেইসবুক আইডির নাম ও পাসওয়ার্ড পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে সে ভুয়া প্রশ্নপত্র প্রাপকের কাছে পৌঁছে দিত।