বিক্রি বেড়েছে চট্টগ্রাম বইমেলায়

চট্টগ্রামে এবারের ‘অমর একুশে বইমেলা’য় বিক্রি বেড়েছে। গত ১৩ দিনে ৯ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল শনিবার বইমেলায় ছিল উপচেপড়া ভিড়। গতকাল মেলা ঘুরে দেখা যায়, বইদেখছেন পাথরঘাটার প্রতীক সরকার। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকাতে বইমেলায় এবার যেতে পারিনি টার্ম পরীক্ষার কারণে। কিন্তু সেই আক্ষেপের নিরসন হলো এবারের চট্টগ্রামের একুশের বইমেলায়। লেখকদের জন্য আলাদা বসার স্থান, নতুন বই প্রকাশের মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি বইমেলায়।’ চট্টগ্রামে বইমেলায় বইপ্রেমীদের উপচেপড়া ভিড় এবং কোটি টাকার বিক্রি একমাত্র সম্মিলিতভাবে বইমেলা আয়োজন করার ফসল বলছেন চট্টগ্রামের রাদিয়া প্রকাশনের স্বত্বাধিকারী কবি গোফরান উদ্দীন টিটু। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এবার প্রথম এক ছাদের নিচে চট্টগ্রামের বইমেলা হচ্ছে। বইপ্রেমীরা এক জায়গায় সব প্রকাশনাকে পাচ্ছেন। লেখক-পাঠকের মধ্যে সরাসরি সাক্ষাৎ হচ্ছে। এসবের কারণে মানুষ বইও কিনছে। মেলা ঘুরে দেখা যায় শিশুতোষ বইয়ের কাটতি বেশি।

এ বিষয়ে মেলা কমিটির যুগ্ম সচিব জামাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘মহান ২১ ফেব্রুয়ারিতে পৌনে এক কোটি টাকার বই বিক্রি হয়েছে। ছুটির দিন থাকায় গত শুক্রবারও এক কোটি টাকার বই বিক্রি হয়েছে। আমরা অভিভূত এ রকম সাড়া পেয়ে। তিনি আরও জানান, আমরা দিনশেষে প্রতিটি স্টল থেকে কী পরিমাণ বিক্রি হয়েছে তথ্য সংগ্রহ করি। তাই প্রতিদিন এ রকম বিক্রির তথ্য শুনে প্রকাশক, লেখকসহ চট্টগ্রামের মানুষের আগ্রহ ও উৎসাহ বাড়ছে।’

এ বিষয়ে কবি সৈয়দা সেলিমা আক্তার বলেন, ‘বিষ্টি যখন পড়ে’, ‘মিঠে কড়া ছড়ার ঘড়া’ এই দুটি বই শিশুদের পছন্দের, তাই বিক্রি হয়েছে বেশি। তিনি বলেন, আয়োজনটা বড় পরিসরে হওয়ায় সবার প্রত্যাশা পূরণ হয়েছে। বইমেলায় শিশুদের ছড়া ও গল্পের বইয়ের চাহিদা চোখে পড়ার মতো, যা দেখে খুবই অনুপ্রাণিত হচ্ছি।’

সংবাদকর্মী মিঠুন চৌধুরী বলেন, ‘বিক্ষিপ্তভাবে না হয়ে এক জায়গায় এবারের বইমেলায় অনুষ্ঠিত হওয়ায় আয়োজন খুব পরিপাটি। সব প্রকাশনা তাদের নির্দিষ্ট টার্গেট পূরণ করে আরও বই আনছে বিক্রি করতে। মানুষ ইতিবাচকভাবেই বইমেলা জমিয়েছে, যার ফলে আগামীবার ঢাকা থেকে আরও প্রকাশনী আসবে ভালো বিক্রির আশায়।’ চট্টগ্রাম ও ঢাকার মোট ১১০টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।