পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য অবৈধ কারখানার মালিকদের দায়ী করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘অবৈধ কারখানার মালিকরাই বেশি দায়ী। কারখানা করে আন্ডারগ্রাউন্ডে কেমিক্যাল রেখেছেন। এখানে কোনো কারখানা করার আইন নেই।’
তিনি আরও বলেন, ‘সিলিন্ডার গ্যাসকে বলে এলপিজি গ্যাস। এগুলো ঘনবসতি জায়গায় রাখার ঝুঁকি আছে। এ ব্যাপারে একটা কমিটি হয়েছে। কমিটি আমাদের একটা সুপারিশ দেবে। মাসখানেকের মধ্যেই এ প্রতিবেদন হাতে পাব।’ ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক কারখানা করা অপরাধ মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘চকবাজারের বাসিন্দারা রাসায়নিক কারখানার মালিকদের চিহ্নিত করে প্রশাসনকে জানাতে পারেন। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কিছু করা সম্ভব নয়।’