এবারের মৌসুমে দারুণ ছন্দে আছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে স্পর্শ করেছেন ৫০ গোলের মাইলফলক। একের পর এক গোল করা এবং রেকর্ড ভাঙতেই এগিয়ে যাওয়ার প্রেরণা পান বলে জানালেন ফরাসি এই ফরোয়ার্ড।
নিজেদের মাঠে ফ্রান্সের শীর্ষ লিগের ম্যাচে শনিবার রাতে নিমকে ৩-০ গোলে হারায় পিএসজি। দলের এই জয়ে জোড়া গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এমবাপে। এই নিয়ে লিগ ওয়ানে তার গোল দাঁড়াল ৫১টি।
এর মধ্য দিয়ে লিগ ওয়ানে গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে ৫০ বা এর বেশি গোল করলেন এমবাপে। এদিন তার বয়স ছিল ২০ বছর দুই মাস তিন দিন। ১৯৮২ সালে সাবেক ফরাসি স্ট্রাইকার ইয়ানিক স্তোপেইরার পর এমবাপেই সবচেয়ে কম বয়সে লিগ ওয়ানে ৫০টি গোল করলেন।
নিজের অসাধারণ পারফরম্যান্স প্রসঙ্গে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এমবাপে বলেন, “দলকে যতটা সম্ভব সহযোগিতা করতে আমি প্রতিদিনই পরিশ্রম করি। আমি ফুটবলটা আমি উপভোগ করি। কারণ এটা আমার কাছে এটা মজার বিষয়। গোল করা এবং রেকর্ড ভাঙাটা এমন কিছু যা আমাকে তাড়িত করে।”