কোকেন অর্ডার করে চিনি পাওয়ায় পুলিশে অভিযোগ!

অনলাইনে অর্ডার করেছিলেন কোকেন। প্যাকেট খুলে দেখতে পান চিনি! উত্তর আয়ারল্যান্ডের ক্রেগভন শহরের মাদকসেবী এতটাই রাগলেন যে পুলিশকে অভিযোগ করে বসলেন।

ডেইলি মেইল জানিয়েছে, ওই মাদকসেবী প্রায় ২২ হাজার টাকার কোকেন অর্ডার দেন। পরিবর্তে চিনি আসায় প্রতারণার মামলা করার চেষ্টা করেন।

পুলিশ কর্মকর্তারাও এই ঘটনায় বিব্রত। অন্যদের সতর্ক করতে ফেসবুকে তারা একটি পোস্ট দিয়েছেন। সেখানে ওই মাদকসেবীর সঙ্গে তাদের কথোপকথন তুলে ধরা হয়েছে। তবে নাম প্রকাশ করা হয়নি।

ফোন করেই অভিযোগকারী ব্যক্তি এভাবে শুরু করেন, ‘আজব ব্যাপার। ড্রাগ ডিলাররা তো কথা রাখতে চায় না। সব যেন অদ্ভুত। বললাম কোকেন দিতে, পাঠিয়ে দিয়েছে চিনি।’

তখন পুলিশের পক্ষ থেকে তাকে অন্য একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

ওই পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০০’র বেশি কমেন্ট পড়েছে। নানা জনের কাছ থেকে নানা মন্তব্য আসছে। স্যান্ড্রা অ্যাডামসন নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘ডিলটি কিন্তু ভালোই ছিল…।’