ঝিনাইদহে অপহরণের ৫ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

ঝিনাইদহে অপহরণের ৫ দিন পর আশরাফুজ্জামান জিসান (১৬) নামে এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে ঝিনাইদহ (র‌্যাব-৬)। খুলনার দৌলতপুর এলাকা থেকে শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল নাজিম নামে ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি কোচিং থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয় মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান সিজান। ২২ ফেব্রুয়ারি অপহরণকারীরা মোবাইলের মাধ্যমে সিজানের বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের বাবা তাদেরকে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দেয়।

বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শনিবার বিকেলে খুলনার ফুলতলার বড়ন পাড়া থেকে অপহরণকারী তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল নাজিমকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতে খুলনার দৌলতপুরের একটি বাড়ি থেকে সিজানকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীদের কাছ থেকে ১০টি সিমকার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।