গোপালগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম (৩২) ও তার ভগ্নিপতি শহিদুল ইসলাম সাগরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা গতকাল রবিবার সকালে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। দুপুরে সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় গত শনিবার রাতে খুলনা ও পিরোজপুর থেকে হত্যা মামলার আসামি নিহতের দ্বিতীয় স্ত্রী ঝুমুর বেগম ও তার ভগ্নিপতি (মনিরের ভায়রা) শহিদুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছরের ১২ ডিসেম্বর মায়ের মৃত্যুর খবর শুনে ভায়রা শহিদুলের ট্রলারে করে পিরোজপুর যাওয়ার পথে মনিরকে শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। পরে তার লাশ ২১ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার ছোটফা গ্রামের মধুমতী নদী থেকে উদ্ধার করে পুলিশ।