মাগুরার শ্রীপুরে মুখেভাত অনুষ্ঠানের খাবার খেয়ে ৮৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। আক্রান্তদের অধিকাংশকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালেও অনেকে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে, শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার চন্ডিখালী ফজলু মোল্লার বাড়িতে তার ছেলের মুখেভাত অনুষ্ঠানে খাবার খায় আমন্ত্রিতরা। সেখান থেকে বাড়িতে ফেরার পর তাদের পেটব্যথ্যা ও মাথায় যন্ত্রণা শুরু হয়। পরে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। শুক্রবার রাত থেকে গতকাল রবিবার পর্যন্ত ৩০ জন আক্রান্ত রোগী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪ মাস বয়সী শিশুসহ ৭০ বছরের বৃদ্ধ রয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈসউজ্জামান জানান, গণডায়রিয়ার সংবাদ জানার পর ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে। সেখানে ডায়রিয়া আক্রান্ত ৪৬ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাব্বি হোসেন জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের ডায়রিয়া হয়।