প্রথা ভাঙার স্পর্ধা...

পাণ্ডব মনদেহীর প্রথম কাব্যগ্রন্থ ‘কাল বিন্দুকাল’। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। বইটি প্রসঙ্গে লেখক বলেন, ‘আমার কবিতা লেখা শুরু হয় কুয়াশা আড্ডার ছায়ায়। বেহুলাবাংলায় তরুণ কবিদের কাব্য পুস্তিকায় আমার পা-ুলিপি ‘কাল বিন্দুকাল’ নির্বাচিত হয়। ‘কুয়াশা আড্ডা’র কাছে দায়বদ্ধ আমি। আমার প্রথম বই প্রকাশিত হওয়ায় কিছুটা দায় মুক্ত হয়েছি। বেঁচে থাকা যন্ত্রণা ও দায়বদ্ধতা এই অনুভূতিগুলো আমার কবিতায় প্রকাশ পেয়েছে।

আব্দুল্লাহ আল মুক্তাদিরের গল্প সংকলন ‘বছরের দীর্ঘতম রাত’ ধারণ করে তার অন্তর্গত কবিত্বকে। লেখক জানান, প্লট আর থিমে তিনি করেছেন প্রচুর পরীক্ষা-নিরীক্ষা, ভেঙেছেন ভাষার কট্টরপন্থি একগামিতা, ব্যবহার করেছেন ভিন্নমাত্রার চরিত্রায়ণ রীতি। কর্পূরগাছ যে হতে পারে নায়ক, কিংবা পরপারে চলে যাওয়া মানুষের আত্মা যে হয় কোনো গল্পের প্রধান চরিত্রÑ গল্পপাঠকের স্বাভাবিক অভিজ্ঞতা আর প্রত্যাশায় তা অনুমেয় নয়। লোককথা থেকে শুরু করে প্রাচ্য ও পাশ্চাত্যের অনেক পুরাণের প্রত্যক্ষ আর পরোক্ষ উল্লেখ রয়েছে গল্পগুলোতে। একইভাবে রয়েছে দেশি-বিদেশি সংগীতের রেফারেন্স। বইটিতে ২১টি গল্প রয়েছে। প্রচ্ছদ এঁকেছেন রাজীব দত্ত। প্রকাশ করেছে ঐতিহ্য।

পুষ্পিতা দাস পিউ এবারের বইমেলায় নিয়ে এসেছেন উপন্যাস ‘নিভৃতচারী’। বইটি প্রকাশ করেছে দোয়েল প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন সুমন সরকার। পুষ্পিতা দাস পিউ বলেন, ‘প্রথম উপন্যাস নিয়ে একটু আবেগ তো আছেই। আশা করছি পাঠকের ভালোবাসার সঙ্গী হবে আমার এই বইটি। মেলার মাঝামাঝি বইটি প্রকাশিত হয়েছে।’