কক্সবাজারের চকরিয়ায় ছোটন কান্তি নাথ নামে এক সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। তবে পরিবারের সবাই অক্ষত রয়েছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। ছোটন কান্তি নাথ দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদী পত্রিকার চকরিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।
তিনি জানিয়েছেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল আরোহী তিন মুখোশ পরিহিত অস্ত্রধারী প্রথমে বাড়িতে ঢোকার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে আমার রুম লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে জানালার কাচ ভেঙে তছনছ হয়ে যায়।
‘গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ অবস্থায় পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় চকরিয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন’।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করছি’।