প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে ‘বি’ গ্রুপের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ রানে হারায় দলটি।
শেখ জামালের হয়ে ব্যাট হাতে রান পেয়েছেন নাসির হোসেন ও নুরুল হাসান সোহান। পরে বল হাতে ৪ উইকেট নিয়ে খেলাঘরকে হারানোর আসল নায়কের মর্যাদা পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। ডানহাতি এই বোলারের বোলিংয়ে পুড়েছে খেলাঘর।
টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে শেখ জামাল। জবাবে খেলাঘরের ইনিংস থেমেছে ৫ উইকেটে ১৫৮ রানে।
বিপিএলে নাসির হোসেন বলার মতো কিছু করতে পারেননি। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৪ রান। তবে ইনজুরি থেকে ফেরা এই ক্রিকেটার রান পেলেন প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই। এদিন ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন নাসির। সোহান ২৮ বলে করেন ৪৩ রান। ৩টি ছক্কার সঙ্গে মেরেছেন ১টি চার।
রান পেয়েছেন শেখ জামালের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানও। ইমতিয়াজ ৩১, ফারদিন হাসান ২১ ও হাসানুজ্জামান ২৬ রান করেন। ১০ ওভারে ৩ উইকেটে ৮১ রান করে ফেলে শেখ জামাল। সেখান থেকে সোহান ও নাসির জুটি যোগ করেন ৬৫ রান। খেলাঘরের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন মইনুল ইসলাম।
জবাবে খেলাঘরের হয়ে ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার রবিউল ইসলাম রবি। কিন্তু বৃথা গেছে তার ইনিংসটি। শহীদুলের বোলিং দাপটে ৫ উইকেটে ১৫৮ রানে থামে খেলাঘরের ইনিংস। শহীদুলের ৪ উইকেট ছাড়াও ১ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি। ম্যাচসেরা হয়েছেন শহীদুল।