ব্যাট হাতে ফিফটি করার পর বল হাতেও আলো কাড়লেন সাব্বির রহমান। নিলেন জোড়া উইকেট। সাব্বিরের অলরাউন্ড নৈপুণ্যে ব্রাদার্সকে হারিয়ে প্রিমিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করল আবাহনী।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার আবাহনী ২৫ রানে হারায় ব্রাদার্সকে। টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আবাহনী। সাব্বিরের ৫৮ ও জাহিদ জাবেদের ৪৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে ব্রাদার্স থেমেছে ৭ উইকেটে ১২৫ রানে।
এদিন আবাহনীর শুরুটা ছিল একেবারেই বাজে। মাত্র ৭ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে দলটি। এরপর সাব্বির ও মোসাদ্দেকের ব্যাটে ঘুরে দাঁড়ায় আকাশি-নীলরা। তৃতীয় উইকেটে দুজনে যোগ করে ৫২ রান। অধিনায়ক মোসাদ্দেক অবশ্য ২৩ রান করে বিদায় নেন।
চতুর্থ উইকেটে এরপর সাব্বির ও জাভেদের ৫৮ রানের জুটি। সাব্বির ১৬তম ওভারে শাখাওয়াত হোসেনের শিকার হয়ে ফেরেন। তার ৪৩ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৫ চার। জাভেদ ফিরেছেন ইনিংসের একেবারে শেষ বলে। তার আগে ৩৩ বলে ৪৪ রান করেন ২টি করে চার ও ছক্কায়।
ব্রাদার্সের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন মেহেদী হাসান ও রনি হোসেন।
জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ফজলে মাহমুদের উইকেট হারায় ব্রাদার্স। সেই ধাক্কা সামাল দেন মিজানুর ও ইয়াসির আলি। ওপেনার মিজানুর ৩০ রান করেন।
অধিনায়ক শরিফউল্লার সঙ্গে ইয়াসিরের জুটি জমে গিয়েছিল। কিন্তু ৪১ রান করা ইয়াসিরকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সাব্বির। নিজের পরের ওভারেই হাবিবুর রহমানকে বোল্ড করেন। এরপরই ব্রাদার্স জয়ের পথ থেকে ছিটকে যেতে থাকে। নাজমুল ইসলাম অপু শিকার করেন ৩ উইকেট।
অধিনায়ক শরিফউল্লাহ শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থেকে যান। কিন্তু আবাহনীর দারুণ বোলিংয়ের মুখে দলকে জেতাতে পারেনি। আবাহনীর পক্ষে নাজমুল সর্বাধিক ৩টি ও সাব্বির ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
আবাহনী: ২০ ওভারে ১৫০/৭ (সাব্বির ৫৮, মোসাদ্দেক ২৩, জাভেদ ৪৪; মেদেহী ২/২৬, রনি ২/৩২)।
ব্রাদার্স ইউনিয়ন : ২০ ওভারে ১২৫/৭ (মিজানুর ৩০, ইয়াসির ৪১, শরিফউল্লাহ ৩১*; নাজমুল অপু ৩/২৬, সাব্বির ২/১৬)।
ফল: আবাহনী ২৫ রানে জয়ী।
ম্যাচসেরা: সাব্বির রহমান।