ব্রেক্সিট দুই মাস পেছাতে মে’র পরিকল্পনা

ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের সময়সীমা দুই মাস পেছাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে পরিকল্পনায় হাত দিয়েছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আইরিশ ব্যাকস্টপ নিয়ে আলোচনার ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছতে চাইছেন মে।

ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ব্রিটিশ সরকার বিকল্প আরেক পরিকল্পনা খতিয়ে দেখছে। এই পরিকল্পনাগুলোর মধ্যে ব্রাসেলসকে ব্রেক্সিটের সময় দুই মাস পিছিয়ে দেওয়ার প্রস্তাবও রয়েছে। আগামী মার্চের ১২ তারিখ ব্রেক্সিটের ১৭ দিন আগে পার্লামেন্টে চুক্তি নিয়ে আলোচনায় বসার কথা মে’র। কিন্তু এদিকে কনজারভেটিভ ও লেবার পার্টির অনেক নেতাই অভিযোগ করছেন, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যকে ‘নো ডিল’র দিকে ঠেলে দিচ্ছেন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার পার্লামেন্টে ব্রেক্সিট ভোট নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকলেও টেরিজার চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না। টেরিজা মে এখন ইইউ-মধ্যপ্রাচ্য সম্মেলনে আছেন। ব্রেক্সিট বিষয়ক চুক্তিতে ইতিবাচক পরিবর্তন নিয়েই তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। কিন্তু এজন্য ইউরোপিয়ান নেতাদের সঙ্গে আলোচনার জন্য সময় দরকার। আর এই সময় চেয়েই ব্রেক্সিট দুই মাস পেছানোর প্রস্তাব দেবেন মে, এমনটা বলছেন বিশ্লেষকরা।